মোঃ মনির হোসেন://
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশজুড়ে বিরাজমান বৈরী আবহাওয়া ও বৃষ্টি-বাদল উপেক্ষা করে লক্ষ লক্ষ আশেকে রাসুলের ‘আমিন, আমিন’ ধ্বনি এবং অশ্রুসিক্ত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামী বাংলাদেশের তিন দিনব্যাপী ‘সুন্নাতে ভরা ইজতেমা’।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর উত্তরার দিয়াবাড়িস্থ উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন সংলগ্ন বিশাল ময়দানে পবিত্র জুমার নামাজ শেষে এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূলতা মাড়িয়ে ইজতেমা ময়দানের সুবিশাল শামিয়ানার ভেতরে ও বাইরে অবস্থান নেওয়া লাখো ধর্মপ্রাণ মুসল্লি মহান রবের দরবারে দুই হাত তুলে কান্নায় ভেঙে পড়েন। এ সময় পুরো ময়দানজুড়ে এক হৃদয়বিদারক ও আধ্যাত্মিক পরিবেশের অবতারণা হয়।
আখেরি মোনাজাত পরিচালনা করেন বিশ্বব্যাপী দাওয়াতে ইসলামীর কেন্দ্রীয় নিগরান (তত্ত্বাবধায়ক) আল্লামা ইমরান আত্তারী। মোনাজাতে কুরআন ও সুন্নাহর জীবনবিধান মেনে সারা বিশ্বে নেকির দাওয়াত পৌঁছে দিতে মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি এবং বিশেষ করে ফিলিস্তিনসহ বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের হেফাজতের জন্য বিশেষ দোয়া করা হয়।
এর আগে বিশাল এই জুমার জামাতে ইমামতি করেন খলিফায়ে আমিরে আহলে সুন্নাত আল্লামা উবাইদ রাযা আত্তারী আল মাদানী। জুমার নামাজের পূর্বে মূল বয়ান পেশ করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সম্মানিত সভাপতি আলহাজ্ব আব্দুল মুবিন আত্তারী।
শেষ দিনের বয়ান ও ইমানি জাগরণ:
শুক্রবার ফজরের পর থেকেই ইজতেমা ময়দানে কুরআন ও হাদিসের আলোকে ইসলামের মৌলিক বিষয়ের ওপর ধারাবাহিক বয়ান পেশ করেন দাওয়াতে ইসলামীর মুবাল্লিগগণ। শেষ দিনের আলোচনায় ইসলামী শরীয়তের বিধি-বিধান, মা-বাবার প্রতি সন্তানের হক, আল্লাহভীতি, জুলুম-অত্যাচারের ভয়াবহ পরিণতি, নামাজের গুরুত্ব ও বেনামাজির শাস্তি, ব্যভিচার থেকে বেঁচে পবিত্র জীবন গঠন এবং মৃত্যু, কবর ও হাশরের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন মুবাল্লিগ কাওসার আত্তারী। বয়ানের ফাঁকে ফাঁকে মনোমুগ্ধকর হামদ ও নাতে রাসুল (সা.) পরিবেশন করা হয়।
বক্তারা বলেন, "প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত অনুসরণেই মানবতার মুক্তির সনদ নিহিত। তাঁর সুন্নাতের রঙে জীবনকে রাঙিয়ে মুত্তাকি হতে পারলেই দুনিয়া ও আখিরাতের প্রকৃত মুক্তি মিলবে।" তারা আরও বলেন, আমাদের নিয়ত, চিন্তা ও কর্ম হতে হবে কেবল আল্লাহ ও তাঁর রাসুলের সন্তুষ্টির জন্য। এ সময় শরীয়ত মোতাবেক যথাযথভাবে নামাজ আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
দুর্যোগ মোকাবিলা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা:
গত বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি সমবেত হন। চলমান ঘূর্ণিঝড় ও নিম্নচাপজনিত বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ময়দানের নিশ্ছিদ্র শামিয়ানা ও ত্রিপলের ছাউনিতে অবস্থান নিয়ে মুসল্লিরা তিন দিন তিন রাত ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। বৈরী আবহাওয়া সত্ত্বেও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইজতেমা সম্পন্ন হয়েছে। তাৎক্ষণিক চিকিৎসাসেবার জন্য ময়দানে সার্বক্ষণিক মেডিকেল ক্যাম্প চালু ছিল। দাওয়াতে ইসলামীর নিজস্ব নিরাপত্তা ও স্বেচ্ছাসেবী বাহিনীর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনরাত নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
সমাপনী বক্তব্যে দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আলহাজ্ব আব্দুল মুবিন আত্তারী ইজতেমা সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সহযোগিতার জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, পীর-মাশায়েখ ও সর্বস্তরের আশেকে রাসুলদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
নেকির দাওয়াতে ১১২টি মাদানি কাফেলার যাত্রা:
ইজতেমার আখেরি মোনাজাতের পরপরই দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ৩ দিন, ১২ দিন, ৩০ দিন ও ৬৩ দিনের জন্য সংগঠনটির ১১২টি মাদানি কাফেলা সফর শুরু করেছে।