ঢাকা | বঙ্গাব্দ

সন্ধ্যা নামলেই পড়ার টেবিলে ফেরা নিশ্চিত করতে হবে, অনর্থক বাইরে মিললে ব্যবস্থা: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

  • আপলোড তারিখঃ 01-11-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2 জন
সন্ধ্যা নামলেই পড়ার টেবিলে ফেরা নিশ্চিত করতে হবে, অনর্থক বাইরে মিললে ব্যবস্থা: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি ছবির ক্যাপশন: ১


মোঃ মনির হোসেন://:

স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা সন্ধ্যার পর অনর্থক রাস্তায় ঘোরাফেরা বা আড্ডা দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী।

​পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে কিছু শিক্ষার্থী সন্ধ্যার পর পরিবার ও পড়ালেখার তোয়াক্কা না করে বিভিন্ন অলিগলি, পার্ক ও মোড়ে মোড়ে আড্ডা দিচ্ছে। এর ফলে তারা গ্যাং কালচার, ইভটিজিং এবং মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকছে। উদীয়মান তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে এবং সামাজিক অপরাধ রোধেই এই কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী স্পষ্ট জানান, সন্ধ্যার নির্দিষ্ট সময়ের পর কোনো শিক্ষার্থীকে পোশাক পরা অবস্থায় বা অনর্থক ঘোরাফেরা করতে দেখা গেলে তাদের আটক বা আইনের আওতায় আনা হবে। প্রাথমিক অবস্থায় অভিভাবকদের থানায় ডেকে এনে সতর্ক করার পাশাপাশি মুচলেকা নিয়ে হস্তান্তর করা হতে পারে, তবে বারবার আইন অমান্য বা অপরাধের আমেজ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা (গ্রেফতার) গ্রহণ করা হবে।

​এই অভিযান সফল করতে রেঞ্জের আওতাধীন জেলা ও থানার পুলিশ বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে নিয়মিত টহল ও তদারকি জোরদার করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

​ডিআইজি আরও বলেন, "সন্তানরা সন্ধ্যার পর কোথায় যাচ্ছে এবং কার সাথে সময় কাটাচ্ছে—এ বিষয়ে অভিভাবকদের সবার আগে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পারিবারিক সচেতনতাই শিক্ষার্থীদের এসব পথভ্রষ্টতা থেকে দূরে রাখতে পারে।"

​এই উদ্যোগে স্থানীয় সচেতন মহল, শিক্ষক ও সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। কিশোর অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন তারা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সন্ধ্যা নামলেই পড়ার টেবিলে ফেরা নিশ্চিত করতে হবে, অনর্থক বাইরে মিললে ব্যবস্থা: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি